বিএনপির সঙ্গে আলাদা জোট করবে বিকল্পধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটে অন্তর্ভুক্ত না হয়ে বিএনপির সঙ্গে নতুন রাজনৈতিক জোট করার ঘোষণা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তিনি বলেন, এই জোট হবে আন্দোলন ও নির্বাচনের জোট। স্বল্পতম সময়ের মধ্যে এই জোটের রূপরেখা চূড়ান্ত করা হবে। বিকল্পধারার মুখপাত্র মাহী চৌধুরী বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে বিলীন কিংবা ১৮-দলীয় জোটের সঙ্গে একীভূত হব না। বিএনপির সঙ্গে অন্যান্য বিরোধী দল নিয়ে আলাদা জোট করব। এ বিষয়ে তাঁদের কাছে থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।’ তিনি বলেন, ভোটের অধিকার রক্ষা ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাষ্ট্রের সব জনগণকে একত্র করে এবং বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপি থেকে বেরিয়ে ২০০৪ সালে নতুন রাজনৈতিক দল বিকল্পধারা গঠন করেন। দলটি ২০০৭ সালে বাতিল হওয়া সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে ছিল। গতকালের সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন মহাজোটের সমালোচনা করে মাহী চৌধুরী বলেন, দেশ বর্তমানে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্র, অর্থনীতি ও মানবাধিকার আজ বিপর্যস্ত। একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতায় এসে স্বৈরাচারী দানবের মতো জাতির বুকে চেপে বসেছে।দলীয় সূত্রগুলো জানায়, গত ৩১ মে রাতে বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর বাসায় অনুষ্ঠিত বিকল্পধারার বর্ধিত সভায় ১৮-দলীয় জোটে অন্তর্ভুক্ত বা বিএনপির সঙ্গে আলাদা জোট করার বিষয়ে আলোচনা হয়। সভা থেকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হয় দলের সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর ওপর। এর পরদিন ১ জুন রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন মাহী বি চৌধুরী। এরপর বদরুদ্দোজা চৌধুরী এবং মাহী বি চৌধুরী দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। সর্বশেষ দলটি বিএনপির সঙ্গে আলাদা জোট করার সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রে বিকল্পধারা, কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগসহ আরও দু-একটি ছোট দল মিলে পৃথক জোট করে, সেই জোট বিএনপির সঙ্গে আলাদাভাবে জোটবদ্ধ হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।