আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সবচেয়ে সংকটে আছে বিএনপি। এখন আর আলোচনার সুযোগ নেই। বিএনপির সংকট উত্তরণের জন্য দোয়া করি।’
বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের বিকল্প নেই—বিএনপি নেতাদের এমন মন্তব্যের বিষয়ে গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন৷
‘শেখ হাসিনাকে গ্রেপ্তার করলেই জিয়া হত্যার রহস্য বের হবে’—বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এমন মন্তব্যের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘তারেকের মতো অর্বাচীনের কথার জবাব মোহাম্মদ নাসিম দেবে না।’
এর আগে বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচার বিলম্ব হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ১৪ দলের শীর্ষস্থানীয় নেতারা৷ তাঁরা অভিযোগ করেন—অনেক যুদ্ধাপরাধীর রায় অপেক্ষমাণ রয়েছে। যথাসময়ে কার্যকর হচ্ছে না। এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
বৈঠকে ১৪ দলের একজন শরিক বলেন, বিএনপিতে যেভাবে ১৯ দলের শরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়, ১৪ দলে সেভাবে দেওয়া হয় না। এ নিয়ে সবাই কথা বললে অর্থমন্ত্রীর সঙ্গে জোটের শরিকদের বৈঠকের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ জন্য বাজেটের বিভিন্ন দিক সম্পর্কে মতামত জানাতে ১৮ জুন বিকেল চারটায় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ১৪ দলের নেতারা।