প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো দুই দলের সংলাপ চালিয়ে যাওয়ার যে কথা বলেছেন, সেটি অব্যাহত রাখবে আওয়ামী লীগ। তিনি বলেন, বিরোধী দল সহিংসতা বন্ধ করলে তাদের সঙ্গে যেকোনো সমঝোতা হওয়া সম্ভব।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিরোধী দল সহিংসতা বন্ধ করলে তাদের আটক নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্তও নেওয়া সম্ভব।
নির্বাচনের তারিখ পেছানো হবে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।
একই স্থানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচন হবে। কেউ এল কি এল না, সেটা বড় কথা নয়। জনগণ অংশগ্রহণ করল কি না, সেটাই বড় কথা।