বিএনপির সঙ্গে আলোচনার দুই শর্ত হাছান মাহমুদের

বর্তমান সরকারকে অভিনন্দন জানালে এবং যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করলে বিএনপির সঙ্গে অর্থবহ আলোচনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ শর্তের কথা বলেন।
হাছান মাহমুদ দাবি করেন, বর্তমান সরকারকে কটাক্ষ করে ‘গত পাঁচ বছরে বাংলাদেশ সর্বক্ষেত্রে পিছিয়ে গেছে’ বলে গতকাল খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা সর্বৈব মিথ্যা।
একই প্রসঙ্গ টেনে খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘আমি তাঁকে অনুরোধ করব, একটু পড়াশোনা করার জন্য। কারণ বিশ্বব্যাংকের চিফ ইকোনমিস্ট স্বীকার করতে বাধ্য হয়েছেন, বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে। অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন দেখে তিনি চমকে গেছেন। এসব বিষয় তিনি (খালেদা জিয়া) যদি না জানেন তাঁর বিএনপি চেয়ারপারসনের পদে থাকা উচিত নয়। অর্থনৈতিক প্যারামিটার না বুঝলে তিনি দেশ চালাবেন কী করে?’
হাছান মাহমুদ দাবি করেন, ‘কিছু হলেই বিদেশি রাষ্ট্রদূতদের কাছে তারা (বিএনপি) ছুটে যায়। আমরা জানতে পেরেছি, এর মধ্যে যাঁরা খালেদা জিয়াকে নির্বাচনে না আসার পরামর্শ দিয়েছেন, তাঁদের ওপর তিনি বেজায় চটেছেন। কারোর কাছে ধরনা দিয়ে লাভ হবে না। তাঁরা ট্রেনের ফিশপ্লেট খুলে নিজেরাই লাইনচ্যুত হয়ে গেছেন। তাঁদের প্রতি আমার আহ্বান, রাজনৈতিক ট্রেনে ফিরে আসুন। একাদশ সংসদে আপনাদের দেখতে চাই।’
গতকাল সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ঘোষিত কর্মসূচি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘এসব অসহিংস কর্মসূচি ঘোষণা করে খালেদা জিয়া কী ফন্দি করছেন, এটা নিয়ে আমরা শঙ্কিত।’
বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন ধানমন্ডি থানার মহিলা আওয়ামী লীগের সভাপতি রাজিয়া মোস্তফা, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির প্রমুখ।