বিএনপির সঙ্গে চলতে অসুবিধা কাদের সিদ্দিকীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি দল বিএনপির নেতৃত্বে কাজ করছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাই বিএনপির সঙ্গে কাজ করার ব্যাপারে আমার অসুবিধা আছে। বিষয়টি বিবেচনার জন্য আমি বিএনপিকে বলেছি। দেখা যাক, তারা কী করে।’রাজনৈতিক ঐক্য গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠকে বসেন। গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এই দুই নেতা এক ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেন। বৈঠক শেষে গুলশানে বিএনপির কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন কাদের সিদ্দিকী এবং বিএনপির পক্ষে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি এখন পর্যন্ত নিজেদের কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা পর্যন্ত করেনি। সে কারণে বিএনপির সঙ্গে কাজ করাটা অসুবিধার তো বটেই। তিনি বলেন, ‘তবে আলোচনা করতে এসেই তো আমি বলতে পারি না, জামায়াতকে বাদ দিয়ে দিন।’বিএনপির সঙ্গে জোট করবেন কি না, এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকের পর তিনি দলের নেতাদের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করবেন।সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিএনপির নেতা-কর্মীরা অনেক সময় না বুঝেই কটূক্তি করেন। আমার বন্ধু মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানও তাঁর জীবদ্দশায় কখনো বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করেননি। বিষয়টি খালোদা জিয়াকে বলেছি।’কাদের সিদ্দিকী আরও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিন। এই দিন তিনি মারা গেছেন। এই দিন বিএনপি যেন এমন কিছু না করে, যাতে সাধারণ মানুষ আহত হয়। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন কাদের সিদ্দিকী।এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, সরকারের যদি ন্যূনতম জ্ঞান থাকে, তবে সংসদের আগামী অধিবেশনে পঞ্চদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করা উচিত। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আরও আলোচনা হবে। সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান হবে।