বিএনপির সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় গতকাল শুক্রবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে দুই দলের নেতা-কর্মীরা দা, লাঠি, হকিস্টিক ব্যবহার করেন।
এ ছাড়া গাজীপুরের অন্যান্য স্থান, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে দিনভর উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শ্রীপুরে সংঘর্ষ: সকাল নয়টা থেকে শ্রীপুর পৌর মুক্তমঞ্চে সমাবেশ শুরু করে উপজেলা ছাত্রলীগ। বেলা তিনটার দিকে গোসিঙ্গা ইউনিয়ন থেকে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা কর্মীদের শ্রীপুর রেলওয়ে এলাকায় বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সমাবেশ শেষ করে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রীপুর-মাওনা সড়কের কাচ্চাগড় এলাকায় টায়ার জ্বালিয়ে অবস্থান নেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ রহমত আলীর ছেলে জামিল হাসানের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া করেন। বন্ধ হয়ে যায় শ্রীপুর বাজারের সব দোকানপাট। সংঘর্ষে কয়েকজন পথচারীসহ উভয় দলের প্রায় অর্ধশত কর্মী আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়তে হয়েছে।
কাঁচপুর শান্ত: ২৫ অক্টোবর ঘিরে আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুরে সমাবেশের ঘোষণা দেন। বিএনপিও সেখানে পাল্টা সমাবেশের ঘোষণা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুরসহ বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। ওই এলাকাগুলোতে কোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়। র‌্যাব-পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, গতকাল সকাল থেকে কাঁচপুর সেতুসহ আশপাশের এলাকায় কোথাও আওয়ামী লীগ ও বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল করলেও অন্যান্য দিনের তুলনায় তা ছিল খুবই কম। মহাসড়কসংলগ্ন এলাকার দোকানপাট বেশির ভাগ ছিল বন্ধ। সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে ছিল আতঙ্ক।
রূপগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি পৌরসভাসহ উপজেলার ১৫টি পয়েন্টে ১৪৪ ধারা জারি করা হলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তা ভঙ্গ করে গতকাল রাস্তায় নামেন। তাঁরা মহাসড়কে মিছিল, সভা করার পাশাপাশি পিকআপ গাড়িতে করে ১৪৪ ধারা জারি করা এলাকাগুলোয় মহড়া দেন।
টঙ্গীতে বিএনপির কার্যালয়ে তালা: গতকাল সকাল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাজীপুরের টঙ্গীর নতুন বাজারে দলীয় কার্যালয়ে অবস্থান নেন। স্থানীয় সাংসদ জাহিদ আহসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান নেতা-কর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। উল্টো চিত্র ছিল বিএনপির কার্যালয়ে। চেরাগআলীতে অবস্থিত বিএনপির কার্যালয়ে গতকাল সকাল থেকে তালা ঝুলতে দেখা গেছে।
মাওয়ায় আ.লীগের অবস্থান: রাজধানীতে বিএনপিসহ ১৮-দলীয় জোটের সমাবেশ ঘিরে সকাল থেকে আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মী ও পুলিশ লৌহজং উপজেলার মাওয়াঘাট ও জেলা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন। শহরের পুরাতন কাচারিতে খিচুড়ি রান্না করেছিল আওয়ামী লীগ। এদিকে বিএনপির নেতা-কর্মীরা ছিলেন শহরের সুপারমার্কেট-সংলগ্ন দলীয় কার্যালয়ে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।