বিএনপির সঙ্গে জোট করবে না বিকল্পধারা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যাবে না বলে জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তিনি বলেন, বিকল্পধারা বাংলাদেশ সমমনা রাজনৈতিক দল নিয়ে একটি আলাদা জোট গঠন করবে। প্রয়োজনে এই জোট বিএনপির সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে যুগপৎভাবে মাঠে থাকবে। গতকাল শনিবার বিকল্প যুব ধারার ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সভায় মাহী বি চৌধুরী এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই কর্মী সভার আয়োজন করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে উদ্দেশ্য করে মাহী বলেন, ‘তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। মাত্র ৩৫ হাজার টাকা মাসে বেতন পেতেন। তিনি কীভাবে এখন ৪০০ কোটি টাকা দিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করছেন, তা জাতি জানতে চায়।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী টাকা নেই বলে প্রবীণ সাংবাদিক এবিএম মূসাকে টেলিভিশন চ্যানেলের অনুমতি দেননি। অথচ তিনি এমন অনেককেই টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিয়েছেন, যাঁদের কিছুদিন আগেও একজোড়া জুতার জায়গায় দুই জোড়া কেনার সামর্থ্য ছিল না।’