বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে সিটি মেয়রের!
সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে তাঁর দল বিএনপির দূরত্ব ক্রমে বাড়ছে। দলীয় সভা-সমিতি ও কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার কারণে স্থানীয় নেতা-কর্মীদের বড় একটি অংশ তাঁর ওপর ক্ষুব্ধ। তাঁরা মনে করেন, মেয়রের নমনীয়তার কারণে সিটি করপোরেশনের কার্যক্রমে আওয়ামীপন্থীদের প্রাধান্য বেশি। জানা গেছে, সর্বশেষ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দলীয় অনুষ্ঠানে সিটি মেয়র ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্জুর আলম অনুপস্থিত ছিলেন। শাহাদাতবার্ষিকীতে জিয়ার সমাধিতে এবার চট্টগ্রামের তিন কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন একসঙ্গে ফুল দিয়েছেন। কিন্তু মেয়র যাননি।জানতে চাইলে মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘দল আমাকে সিটি করপোরেশন পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমি আমার কাজ করে যাচ্ছি। দল পরিচালনার জন্য এখানে দায়িত্ব ভাগ করা আছে। আর দলীয় নেতাদের সঙ্গে আমার সব সময় যোগাযোগ হয়। আমার সঙ্গে কারও কোনো বিরোধও নেই।’ নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন বলেন, ‘উনি নিরপেক্ষ থেকে কাজ করতে চান। আমাদের কোনো অনুষ্ঠানে ডাকেন না। আমরাও জোর করে মেয়রের অনুষ্ঠানে যাই না। তবে আওয়ামী লীগদের ডাকেন। আবার উনি দলীয় অনুষ্ঠানেও আসেন না।’ সিটি করপোরেশনে আওয়ামীপন্থীদের আধিপত্য প্রসঙ্গে মেয়র মন্জুর আলম বলেন, ‘এখানে আমার ওপর দলের কোনো চাপ নেই। সিটি করপোরেশনে আওয়ামী লীগের কাউন্সিলর বেশি। তাঁদের প্রাধান্য বেশি তো থাকবেই। এটাকে কেউ অন্যভাবে উপস্থাপন করলে তো হবে না।’