বিএনপির সঙ্গে যুব ও ছাত্রলীগের সংঘর্ষ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে যুব ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গত রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা এ বি এম মোশাররফ হোসেনের কুয়াকাটা সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন সাংবাদিকসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন।সংঘর্ষের জের ধরে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কুয়াকাটা বাজারে বিএনপির সমর্থকদের ১০টি দোকান এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আহত ব্যক্তিদের মধ্যে কুয়াকাটা পৌর যুবলীগের সভাপতি সাগর মোল্লা, কর্মী আরিফ ও নজরুল এবং বিএনপির কর্মী ইয়াসিনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুম্মান ইমতিয়াজ ও মানবজমিন-এর প্রতিনিধি হোসাইন আমিরকে রাতেই পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন দলীয় নেতা-কর্মীদের নিয়ে কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাবের চত্বরে দুই শতাধিক নেতা-কর্মী তাঁর পক্ষে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে যুবলীগ ও ছাত্রলীগের কুয়াকাটার স্থানীয় নেতা-কর্মীরা প্রেসক্লাবের বাইরে সড়কে অবস্থান নিয়ে বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা হামলা চালান। এতে যুবলীগের নেতা সাগর মোল্লাসহ অন্তত ১২ জন আহত হন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম জানান, কুয়াকাটায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।