বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানে আছে, পার্লামেন্ট থাকবে। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করবে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সংলাপের কোনো সম্ভাবনা নেই। এমনকি সংলাপের কোনো প্রয়োজন নেই।
আজ শনিবার সকালে অভ্যন্তরীণ নৌপথে ৫৩টি রুটের মধ্যে প্রথম পর্যায়ে ২৪টি রুটের নদী খনন প্রকল্পের আওতায় শ্রীপুর-ভোলা-গঙ্গাপুর নৌপথে ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনে আসা ছাড়া বিকল্প কোনো পথ নেই। যদি না আসে তারাই ক্ষতিগ্রস্ত হবে।
তোফায়েল আহমেদ বলেন, ‘গত সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে ডেকেছিলেন। কিন্তু তিনি সন্ত্রাসের পথ বেছে নেন। ৫০০ পোলিং বুথ পুড়িয়ে দেওয়া হয়। ২৪ জন পুলিশকে হত্যা করা হয়। দেশে অত্যাচার-নির্যাতন চালিয়েও তিনি নির্বাচন বন্ধ করতে পারেননি। তিনি নির্বাচন করেননি, এটা আমাদের দোষ না।’
মন্ত্রী বলেন, ভোলায় বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেছে। কিছুদিন আগে বোরহানউদ্দিনে একটি কূপ থেকে ৭০০ বিলিয়ন কিউবিক গ্যাস পাওয়া যায়। ভোলার ভেদুরিয়ায় আরও একটি কূপ খনন করা হবে। ভোলায় ব্যাপক কলকারখানা হবে। ভোলা হবে সিঙ্গাপুর। আর এর মূল কারিগর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। একটা সরকার যদি পরপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দেশের উন্নতি হয়। বর্তমান সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘আমরা ২১টি ড্রেজার তৈরি করেছি। এ ছাড়া আরও ২০টি ড্রেজার তৈরি করা হচ্ছে। খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় থেকে একটা ফেরিও কেনেননি। কিন্তু বর্তমান সরকারের ৫ বছরের মেয়াদে ১৭টি ফেরি তৈরি করা হয়েছে।’
শাজাহান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে নদী রক্ষায় ব্যাপক উদ্যোগ নেন। খালেদা জিয়া সরকার সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি সত্য না বলে মিথ্যাচার করছেন। তাঁরা নাকি সরকারের কোনো উন্নয়ন দেখেন না। আসলে সরকারের বিরুদ্ধে বলা তাঁদের রোগ। বিএনপির একটা ঈর্ষা রোগ দেখা দিয়েছে।
ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান কমরেড এম মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার (এসপি) মোকতার হোসেন প্রমুখ।