বিএনপির সদস্য সংগ্রহে ছাত্রলীগের হামলা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামে গত রোববার সন্ধ্যায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতা আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন সাপলেজা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হেমায়েত আকন (৪৮), সাপলেজা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (২৩) ও যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়া (২১)।
সাপলেজা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান আকন জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আবাসন এলাকায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলাকালে ছাত্রলীগের ১৪ থেকে ১৫ জন নেতা-কর্মী হামলা চালান। এতে বিএনপি ও ছাত্রদলের তিন নেতা আহত হন।
মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম বলেন, বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের ৪০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে সদস্য সংগ্রহ কর্মসূচি পণ্ড করে দেন।