পাবনা শহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত সোমবার পুলিশের করা দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন: সভাপতি কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কর্মী মাহবুব হোসেন ও সাদ্দাম হোসেন। এর মধ্যে মাহবুব ও সাদ্দামকে সোমবার সন্ধ্যায় শহর থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার ভোরে শহরের দিলালপুর মহল্লার নিজ বাড়ি থেকে মাহমুদকে এবং মহিষের ডিপু মহল্লার বাড়ি থেকে হাবিবুরকে গ্রেপ্তার করা হয়।পাবনা সদর থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে লাঠিসোঁটা হাতে বিএনপির নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। ওই সময় দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন পুলিশের ছয়জন সদস্য। রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারী বাদী হয়ে দ্রুত বিচার আইনে এবং এসআই জিয়াউর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন। দুটি মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। একটি মামলায় নাম উল্লেখ রয়েছে ২৯ জনের, অন্যটিতে ২৭ জনের।দুটি মামলা হওয়া এবং চার নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম সিদ্দিকী। তিনি প্রথম আলোকে বলেন, সব আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।নিহত মিলন ছিলেন ছাত্রদলের নেতা: সোমবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত মো. মিলন হোসেন ছিলেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল পাবনা পৌর বিএনপি ও জেলা ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, জেলা বিএনপিতে বিভক্তি ও সংঘর্ষের ঘটনার জন্য জেলা বিএনপির কার্যকরি সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস দায়ী।মিলনের হত্যাকারীদের বিচার দাবি করে সিদ্দিকুর বলেন, হত্যার ঘটনায় মামলা করা হবে।সংবাদ সম্মেলনে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিদ্রোহী হিসেবে পরিচিত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।বিএনপির হুঁশিয়ারি: তবে মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করার চেষ্টা করলে এর পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির যুগ্ম মহাসচিব (দপ্তর সম্পাদক) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুলের বরাত দিয়ে বলা হয়েছে, ‘পুলিশের মদদে দল থেকে বহিষ্কৃত দুষ্কৃতকারীরা, যারা দীর্ঘদিন দলের অভ্যন্তরে অপকর্ম ও বিবাদ-বিভাজনমূলক কার্যকলাপে লিপ্ত, তারাই বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে মিলনকে হত্যা করেছে।’মির্জা ফখরুল মিলনের আত্মার শান্তি কামনা করে অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।