গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট এলাকায় বাসে পেট্রলবোমা হামলার মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোরশেদ হাবীব, জেলা জামায়াতের আমির আবদুর রহিম সরকার ও বরখাস্তকৃত পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা নজরুল ইসলামসহ ৭৭ জনকে অভিযুক্ত করা হয়।
ওই হামলার এক বছর এক মাস ১৯ দিন পর গত ২৫ মার্চ আদালতে ওই অভিযোগপত্র দেওয়া হয়। তবে গতকাল রোববার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে।
সদর থানার এসআই হাবিবুর রহমান বলেন, মামলার সপক্ষে কাগজপত্র সংগ্রহ ও আসামিদের শনাক্ত করতে বিলম্ব হয়। ফলে আদালতে অভিযোগপত্র দিতে বিলম্ব হয়েছে। গত ২৫ মার্চ গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই অভিযোগপত্র দেওয়া হয়।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে একটি বাস পুলিশি পাহারায় ঢাকার পথে রওনা দেয়। বাসটি রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে শিশুসহ আটজন নিহত ও অন্তত ৪০ জন দগ্ধ হন। এ ঘটনায় এসআই মাহবুব হোসেন ৬০ জনের নাম উল্লেখ করে ও ২৮ থেকে ৩০ জনকে অজ্ঞাত দেখিয়ে ৭ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা করেন।