বিএনপির সভাস্থলে ছাত্রলীগের সমাবেশ আহ্বান, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী রেলগেটে বিএনপি ও ছাত্রলীগের সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গতকাল রোববার বিকেল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম বড়ুয়া সভাস্থল ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে এ-সংক্রান্ত আদেশ জারি করেন। এ কারণে কোনো পক্ষই নির্ধারিত স্থানে সমাবেশ করতে পারেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহরের রেলগেটে সমাবেশ আহ্বান করা হয়। গত দু-তিন দিন ধরে ওই সমাবেশের পক্ষে ব্যাপক মাইকিং করা হয়। অন্যদিকে, গতকাল দুপুর ১২টা থেকে একই স্থানে জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী ও হত্যার বিচারের দাবিতে পাল্টা সমাবেশ আহ্বান করে উপজেলা ছাত্রলীগ। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে উপজেলা প্রশাসন ওই স্থানে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল প্রথম আলোকে জানান, ‘তাঁরা প্রায় এক সপ্তাহ আগে ওই কর্মসূচি দিয়েছেন এবং গত শুক্রবার থেকে মাইকে কর্মসূচি পালনের কথা প্রচার করে আসছেন। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন গতকাল দুুপুর থেকে হঠাৎ ওই স্থানে সমাবেশ আহ্বান করে। যা অত্যন্ত দুঃখজনক।’ আনোয়ারুল হক কামাল জানান, এর পর প্রশাসনের সিদ্ধান্তের প্রতি তাঁরা শ্রদ্ধা জানিয়ে সেখানে আর সমাবেশ করেননি। পরে শহরের একটি বেসরকারি ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি ছাড়াও পৌর সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ‘বিএনপি সোনাইমুড়ীতে কোনো সভা-সমাবেশ করলে বঙ্গবন্ধু ও আমাদের নেত্রী সম্পর্কে অশালীন বক্তব্য দিয়ে থাকে। এ কারণে তাঁরাও বিএনপির কর্মসূচির পাশাপাশি একই স্থানে জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী ও হত্যার বিচারের দাবিতে সমাবেশ আহ্বান করেন।’সোনাগাজীতে বিএনপির সভা পণ্ডআমাদের নিজস্ব প্রতিবেদক, ফেনী ও সোনাগাজী প্রতিনিধি জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের কারণে গতকাল রোববার ফেনীর সোনাগাজীতে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ পণ্ড হয়ে গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে সোনাগাজী উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে আলোচনা সভা শুরুর আগ মুহূর্তে যুবদলের স্থানীয় নেতা খুরশিদ আলম ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিনের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি মিছিল অনুষ্ঠানস্থলে ঢুকে। তাঁরা জানতে চান, এটি বিএনপির অনুষ্ঠান কি না, তাঁরা দাওয়াত পেলেন না কেন। এর পরপর তাঁরা মঞ্চে চেয়ার ছুড়তে শুরু করেন। জবাবে আয়োজকদের পক্ষ থেকে ঢিল ছোড়া হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।