বিএনপির সমর্থক হওয়ায় চাল পাচ্ছেন না তিনি!
বিএনপির সমর্থক হওয়ায় গুচ্ছগ্রাম প্রকল্পের জন্য বরাদ্দের সাত মেট্রিক টন চাল তুলতে পারছেন না বলে অভিযোগ করেছেন বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের চেয়ারম্যান তরফদার মকবুল হোসেন। গত সোমবার চালের চাহিদাপত্রের (ডিও) মেয়াদ শেষ হয়ে গেছে। এ কারণে প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজে নিয়োজিত তিন শতাধিক শ্রমিকের মজুরি তিনি পরিশোধ করতে পারেননি।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় সদর উপজেলার ডেমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খেগড়াঘাট এলাকার বিছনা নদীর জেগে ওঠা চরে গুচ্ছগ্রামের মাটি উঁচুকরণ প্রকল্পের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ করে। ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেমা ইউপির চেয়ারম্যান তরফদার মকবুল হোসেনকে প্রকল্প বাস্তবায়নের জন্য ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এরই অংশ হিসেবে ১৪ ফেব্রুয়ারি সাত টন চালের চাহিদাপত্র (ডিও) খাদ্য গুদামে পাঠানো হয়। কিন্তু গত মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত খাদ্য গুদাম থেকে ওই চাল সরবরাহ করা হয়নি।মঙ্গলবার দুপুরে খেগড়াঘাটের ওই গুচ্ছগ্রামে সরেজমিনে দেখা যায়, সেখানে প্রায় ৩০০ শ্রমিক নদীর চর থেকে মাটি কেটে নির্ধারিত এলাকা উঁচুকরণের কাজ করছেন।শ্রমিকদের একাংশের সরদার খেগড়াঘাট গ্রামের শেখ আবদুল লতিফ জানান, ডেমা ইউপি চেয়ারম্যান তরফদার মকবুল হোসেনের নির্দেশে আট দিন ধরে তাঁরা সেখানে কাজ করছেন। তিন দিন ধরে চেয়ারম্যান তাঁদের খোরাকির টাকাও দিতে পারছেন না। ইতিমধ্যে তাঁদের দলের প্রায় ১৫ হাজার টাকা পাওনা হয়েছে।ইউপি চেয়ারম্যান তরফদার মকবুল হোসেন বলেন, ‘আমি বিএনপিকে সমর্থন করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কতিপয় নেতার নির্দেশে আমার এলাকার গুচ্ছগ্রামের মাটি উঁচুকরণ কাজের জন্য বরাদ্দ পাওয়া চাল হস্তান্তর করা হচ্ছে না।’বাগেরহাট খাদ্য গুদামের ওসি এলএসডি মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রথমবার চেয়ারম্যান সাহেব শুক্রবারে লোক পাঠিয়েছিলেন। দ্বিতীয়বার ২২ ফেব্রুয়ারি তিনি ট্রাক পাঠালেও শ্রমিক না থাকায় চাল দেওয়া সম্ভব হয়নি।’জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিমুল আজম বলেন, ২২ ফেব্রুয়ারি গুদামে শ্রমিক না থাকায় ডেমা ইউনিয়নের গুচ্ছগ্রাম প্রকল্পের চাল সরবরাহ করা যায়নি। এ জন্য খাদ্য ঠিকাদার জাহিদুর রহমানকে কারণ দর্শাতে বলা হয়েছে।