শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মচারীকে গত ৩০ অক্টোবর বরখাস্ত করা হয়েছে। তবে ওই তিন কর্মচারী দাবি করেছেন, বিএনপির সমর্থক হওয়ায় কর্তৃপক্ষ তাঁদের বরখাস্ত করেছে।
উপাচার্য হারুনর রশীদ খান জানান, কোনো কর্মচারীকে বিএনপি করার অভিযোগে বরখাস্ত করা হয়নি। তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। অভিযোগ তদন্তে প্রমাণিতও হয়েছে। সবশেষে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়, দায়িত্বে অবহেলা ও সন্তোষজনক কাজ না করার দায়ে তাঁদের বরখাস্ত করা হয়েছে।
ওই তিন কর্মচারী হলেন নিরাপত্তাকর্মী মোখলেছুর রহমান ও মামুন শেখ এবং বুক সর্টার শফিকুল ইসলাম। নিয়োগপত্র যাচাই করে দেখা যায়, মোখলেছুর রহমান এবং মামুন শেখকে ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর স্থায়ীভাবে এবং রফিকুল ইসলামকে ২০১২ সালের ২২ ডিসেম্বর অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়।
মোখলেছুর রহমান, মামুন শেখ ও শফিকুল ইসলাম অভিযোগ করেন, কিছুদিন আগে বিএনপি-সমর্থক ছাত্ররা ক্যাম্পাসে ব্যানার টানান। ওই কাজে সহযোগিতার অভিযোগে দুজনকে পরিচ্ছন্নতাকর্মী ও একজনকে নিরাপত্তাকর্মীর দায়িত্ব দেওয়া হয়। সে দায়িত্বও তাঁরা যথাযথভাবে পালন করেছেন। কিন্তু তার পরও কর্তৃপক্ষ গত ৩০ অক্টোবর তাঁদের বরখাস্ত করেন।
মামুন শেখ অভিযোগ করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যা কর্তৃপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। স্থায়ীভাবে নিরাপত্তাকর্মী পদে যোগ দিয়েছি। কিন্তু মিথ্যা অভিযোগে আমাকে ওই পদ থেকে সরিয়ে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়েছে।’
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহসিন উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাঁদের দিয়ে অন্যান্য কাজ করানো হয়েছে। এটা শিক্ষকসহ সব কর্মকর্তা-কর্মচারী করে থাকেন।