বিএনপির সমর্থকদের ওপর আওয়ামী লীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল সোমবার বিএনপির সমর্থক বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নাসির উদ্দিন ও তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের সমর্থকেরা। ভাঙচুর করা হয় তাঁদের তিনটি দোকান। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বারদী বাজারে এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার পুলিশ ও এলাকাবাসী জানান, দুই দিন আগের একটি ইফতার মাহফিল নিয়ে গতকাল বেলা ১১টার দিকে বারদী বাজারে সাবেক ইউপি সদস্য নাসির ও আওয়ামী লীগের সমর্থক আবদুল মান্নানের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে মান্নানের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাজারে নাসির ও তাঁর ছেলে দেলোয়ার হোসেনের তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিলে নাসির, দেলোয়ার, আল আমিন, রফিক, রুবেল, জামাল ও জাহাঙ্গীর নামের সাতজন আহত হন।

এ ঘটনায় মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন নাসির। হামলার ব্যাপারে বক্তব্য জানতে মান্নানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

 পুলিশ ও এলাকাবাসী জানান, জামপুর ইউনিয়নের তালতলায় পূর্বশত্রুতার জের ধরে গতকাল সকালে মোতালেব হোসেন ও ব্যবসায়ী বিল্লাল মিয়ার মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে মোতালেব ও তাঁর ২০-৩০ জন সহযোগী রামদা, টেঁটা, বল্লম ও ছুরি নিয়ে বিল্লালের দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা এ সময় বিল্লাল, হোসেন, ফায়েজ, হানিফ, রিপন, শাহজাহান ও বাচ্চু নামের সাতজনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় দুই পক্ষই থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।