বিএনপির সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাওড়ী গ্রামে ইউনিয়ন ছাত্রদলের নেতার বাড়িসহ বিএনপি-সমর্থকদের পাঁচটি বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্রলীগ ও যুবলীগের নামধারী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে নাওড়ী গ্রামের কলের গোড়া এলাকায় ক্রিকেট খেলছিলেন ছাত্রদলের কয়েকজন কর্মীসহ স্থানীয় একদল যুবক। এ সময় একই এলাকার ছাত্রলীগ ও যুবলীগ নামধারী কয়েকজন যুবক সেখানে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর ছাত্রলীগ ও যুবলীগের ৫০-৬০ জন কর্মী লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল-মামুনের বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়িতে হামলা-ভাঙচুর চালান। হামলাকারীরা এ সময় দুটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করেন এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেন।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল-মামুন বলেন, ছাত্রলীগ ও যুবলীগ নামধারী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁর বাড়িসহ বিএনপির কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে।
আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মীরা নাওড়ী গ্রামের পাঁচটি বাড়ির কমপক্ষে ২০টি বসতঘরে হামলা-ভাঙচুর করেছেন।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকে ফোন দিলেও তাঁরা ফোন ধরেননি।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ বলেন, বিকেলে ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজনকে মারধর করেন। এর জের ধরে সন্ধ্যায় ওই পাল্টা হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।