বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১৫, আটক ৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিপেটা ও পাল্টাপাল্টি ধাওয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বিএনপির তিন সমর্থককে গ্রেপ্তারের কারণে গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী লোকজন ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বিএনপির সমর্থক আবু মোহাম্মদ মাসুম, আবু বক্কর ও হারুন অর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গতকাল সকালে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে রূপগঞ্জ থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল করেন এবং তাঁদের ছেড়ে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে তাঁরা ডেমরা-কালীগঞ্জ সড়কে টায়ারে অগ্নিসংযোগ ও বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিএনপির ১২ মার্চের কর্মসূচি বাধাগ্রস্ত করতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বলেন, আগের মামলার গ্রেপ্তারি পরোয়ানায় বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিএনপির একদল সমর্থক থানার সামনে এসে বিক্ষোভ শুরু করলে ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।