বিএনপির সমর্থন ছাড়াই আইনের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘আগে আমরা বলেছিলাম, জামায়াত-শিবির নিষিদ্ধ করার জন্য আইন করতে বিএনপির সমর্থন প্রয়োজন। কিন্তু এখন জামায়াত নিষিদ্ধ করার ক্ষেত্র তৈরি হয়ে গেছে। আইনের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করা যাবে। তাই বিএনপির সমর্থনের প্রয়োজন নেই।’গতকাল সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী কর্মসূচি পালনকালে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। জামায়াতের ডাকা হরতালে গতকাল রাজপথে সক্রিয় ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে আওয়ামী-সমর্থক গোষ্ঠীর ব্যানারে বেশ কয়েকটি সংগঠন মানববন্ধন করে। রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, মিরপুরের কাজীপাড়া, মতিঝিল, শ্যামলীসহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল দেখা গেছে। মাহবুব উল আলম হানিফ বলেন, গণজাগরণ মঞ্চের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে সব মানবতাবিরোধী অপরাধের বিচার করবে বলে দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে এবং জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতেই এর সঙ্গে অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিষয়টি মেশানো হচ্ছে। তিনি বলে, ‘জামায়াত পাকিস্তানের ধারক ও বাহক। আর বিএনপি পাকিস্তানের এজেন্ট।’এ সময় আরও উপস্থিত ছিলেন: আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, প্রমুখ।