বিএনপির সমর্থন পেলেন মিন্টুপুত্র তাবিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাবিথ আউয়াল
তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি তাবিথ আউয়ালকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিএনপি-সমর্থক বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর স্টিয়ারিং কমিটি তাঁকে প্রার্থী ঘোষণা করে।
‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর প্রচার ও প্রকাশনা কমিটির সদস্যসচিব আবদুল হাই শিকদার প্রথম আলোকে এ কথা জানান।
এর আগে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ স্টিয়ারিং কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয় চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হবেন। সুপ্রিম কোর্টে আবদুল আউয়াল মিন্টুর আপিল নিষ্পত্তির পরই ঢাকা উত্তরের প্রার্থী ঘোষণা করা হয়।
ঢাকা দক্ষিণে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপি-সমর্থিত প্রার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদকে আহ্বায়ক করে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামে বিএনপি-সমর্থক পেশাজীবীদের একটি সংগঠনের স্টিয়ারিং কমিটি গতকাল বুধবার ঘোষণা করা হয়। এই কমিটির ব্যানারেই ঢাকায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে আগেই জানানো হয়েছিল।
আদর্শ ঢাকা আন্দোলনের স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ ও আ. ফ. ম ইউসুফ হায়দার, সাংবাদিক মাহফুজ উল্লাহ, প্রকৌশলী আ. ন. হ. আখতার হোসেন, সাংবাদিক আবদুল হাই শিকদার ও আইনজীবী ফাহিমা নাসরিন। কমিটির সদস্যসচিব করা হয়েছে প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা উপকমিটি এবং দপ্তর উপকমিটিও ঘোষণা করা হয়েছে। প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মাহফুজ উল্লাহকে। আর দপ্তর উপকমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করবেন বিএনপিপন্থী সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান।

আরও পড়ুন: