খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে বিএনপির সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে। আওয়ামী লীগের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে একটি সহসভাপতিসহ চারটি পদ।সভাপতি পদে বিএনপির সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে মোহাম্মদ ইউনুস ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে বিএনপির সমর্থিত মোল্লা মাসুম রশীদ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হন।সহসভাপতির দুটি পদের একটিতে ঐক্য পরিষদের সৈয়দা রেবেকা বেগম ৪৯০ ভোট এবং অন্যটিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের তৈয়বুর রহমান ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।যুগ্ম সম্পাদক পদে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের শেখ জাকিরুল ইসলাম ৫০৮ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের শফিকুল ইসলাম ৪৯৩ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সাহেদ হোসেন ৪৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সাতটি সদস্যপদের মধ্যে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ পেয়েছে চারটি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে তিনটি। নির্বাচিত সদস্যরা হলেন হাবিবুর রহমান, শিরিন আফরোজা খানম, মুহা. আবদুল মান্নান, শাহ মামুন মোর্শেদ ফারুকী, তামিমা লতিফ, তমাল কান্তি ঘোষ ও আল-আমিন উকিল।গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে সকাল নয়টা থেকে বিরতিহীনভাবে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এক হাজার ৮০ ভোটারের মধ্যে ৯৬১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।