বিএনপির সমাবেশস্থলে হামলা-ভাঙচুর, আহত ২
গাজীপুরের শ্রীপুরে বিএনপির নির্বাচনী গণসংযোগ ও ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান শেষে সমাবেশস্থলে হামলা ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রীপুর পৌর বিএনপির সভাপতি কাজী খান ও শহীদুল্লাহ পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে হামলার এ ঘটনা ঘটে। এতে নিজাম ও রেজাউল নামের দুজন আহত হন বলে দাবি করা হয়েছে।বিএনপির দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার দিনব্যাপী মাওনা, গাজীপুর ও তেলিহাটী ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী গণসংযোগ করা হয়। এ সময় গাজীপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী অধ্যাপক এম এ মান্নান গণসংযোগে নেতৃত্ব দেন।পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রীপুর পৌর মুক্তমঞ্চে তিনটি ওয়ার্ড বিএনপির সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন সভাপতিত্ব করেন। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা সমাবেশ পরিচালনা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে সমাবেশ শেষে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ স্লোগান দিয়ে সমাবেশস্থলে পৌর বিএনপির সভাপতি কাজী খানকে খুঁজতে থাকে মিছিলকারীরা। একপর্যায়ে তারা সমাবেশস্থলে অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর করে। পৌর বিএনপির সভাপতি কাজী খান বলেন, বিএনপি নামধারী কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ওবায়দুর রহমান সোহেল মণ্ডলের নেতৃত্বে সমাবেশস্থলে ও তাঁর ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর করে।বকুল মাইক সার্ভিসের মালিক বকুল মিয়া জানান, হামলার ঘটনায় ৬৫টি চেয়ার ভাঙচুর করা হয়েছে। এতে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রদলের সদস্য ও শ্রীপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সোহেল মণ্ডল জানান, চেয়ার ভাঙচুরের ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক ও আলীম জানান, ঘটনার পর পর পুলিশ সমাবেশটি ছত্রভঙ্গ করে দেয়।