বিএনপির সমাবেশে হামলা সংঘর্ষে আহত অর্ধশত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে বাহেরচর বন্দরের এসসিআই মাঠে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে পণ্ড করে দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে স্থানীয় বিএনপির নেতারা দাবি করেছেন।রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি মো. কবির হোসেন তালুকদার অভিযোগ করেন, সমাবেশ শুরুর ১৫ থেকে ২০ মিনিট পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান কবির ও সাধারণ সম্পাদক এনামুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল থেকে শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীর ওপর হামলা করে সমাবেশ পণ্ড করে দেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেত-কর্মীরা প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে মাসুদ মুন্সি, তানভীর হোসেন, মোশারেফ মোল্লা ও জুয়েল মীরের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের একটি আনন্দ শোভাযাত্রা বাহেরচর বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল। এ সময় বিএনপির সমাবেশ থেকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে শোভাযাত্রার পেছনের লোকজনের ওপর হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আওয়ামী লীগের ১০ থেকে ১২ জন আহত হন। পুরো ঘটনার জন্য বিএনপিই দায়ী। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।