বিএনপির সমাবেশের প্রস্তুতি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বুধবার বেলা তিনটায় শুরু হবে বিএনপির সমাবেশ। মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করেছে দলটি।

রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করার এক মাস পর এই প্রথম এত বড় একটি জায়গায় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। এতে দলটি অনেকটা চ্যালেঞ্জের মুখেও পড়েছে। অনুমতি পাওয়ার পর বিপুলসংখ্যক লোকের সমাগম ঘটাতে হিমশিম খাচ্ছেন দলের নেতারা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের প্রস্তুতি শেষ। আশা করি, এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে।’ বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথম বিএনপি সমাবেশ করছে বলে জানান সালাম।

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির  প্রতিবাদ, বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি এবং সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশ করবে বিএনপি। এতে উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।