বিএনপির সমালোচনায় সরকারি ও বিরোধী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল জাতীয় পার্টিও (জাপা) বিএনপির সমালোচনায় মুখর হয়ছে। বৃহস্পতিবার ২০১৯–২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় সরকার ও বিরোধী দলের একাধিক সদস্য বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন।

একাদশ জাতীয় সংসদকে ‘অবৈধ’বলায় বিএনপির সাংসদদের সমালোচনা করেন জাপার জ্যেষ্ঠ সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, এই সংসদে দাঁড়িয়ে কেউ জাতীয় সংসদকে অবৈধ বলতে পারে না। এ ব্যাপারে তিনি স্পিকারের রুলিং দাবি করেন।

বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান বিএনপির বক্তব্যের জবাবে বলেন, সংসদে একটা বিরোধী দল প্রয়োজন। সে কারণে তাঁরা বিরোধী দলে আছেন। আর বিএনপির আছে ৫ জন। বিএনপির সাংসদের বক্তব্য দেওয়ার জন্য তাঁর কাছ থেকে সময় নিয়ে আবার জাতীয় পার্টি ও এরশাদ সম্পর্কে অশালীন বক্তব্য দিচ্ছেন। তিনি কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত পরিচারিকাকে প্রত্যাহার করে নেওয়া এবং কারাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে বলেন, খালেদা জিয়া বের হয়ে যেতে পারেন।

জাপার চেয়ারপারসন এইচ এম এরশাদের শারিরীক অবস্থার বর্ণনা দিয়ে মশিউর রহমান বলেন, এইচ এম এরশাদ মৃত্যু শয্যায়। তাঁরা এখনো তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে পারেননি।

সরকারি দলের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির আমলে সরকারের পরিবর্তে হাওয়া ভবন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। তারেক রহমানের নির্দেশেই সবকিছু নিয়ন্ত্রিত হতো। তাদের দুর্বৃত্তায়নের কারণে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। হাওয়া ভবনের দুর্নীতির কারণে স্যামসাং এ দেশে বিনিয়োগ করেনি।

বিএনপির সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানার সমালোচনা করে সরকারি দলরে সাংসদ জিল্লুল হাকিম বলেন, বিএনপির একজন মহিলা সাংসদ মনে হয় কোমরে কাপড় প্যাঁচিয়ে ঝগড়া করার জন্য এসেছেন। তিনি নাকি এখনো অবিবাহিত। তিনি যদি বিবাহিত হতেন, তাঁর স্বামীর কী অবস্থা হতো!

সরকারি দলের সাইমুম সরোয়ার বলেন, সংসদকে অবৈধ বলা দণ্ডনীয় অপরাধ। এ জন্য তিনি বিএনপির সাংসদদের শাস্তি দাবি করেন।

জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক বলেন, সাংসদ হিসেবে বাজেট প্রণয়নে তাঁর কোনো ভূমিকা আছে কি না, তা স্পষ্ট নয়। হয় এই বাজেট প্রস্তাব গ্রহণ করতে হবে বা বর্জন করতে হবে। উপদেশ দেওয়ার জন্য তিনি বাজেট বক্তৃতা দিতে চান না। বাজেট তৈরিতে ভূমিকা রাখতে চান। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাখা হবে কি না, এই বিষয় চিন্তা করার সময় এসেছে।

মুজিবুল হক বলেন, শীর্ষ ঋণ খেলাপীদের নাম তালিকায় নেয়। তাঁরা আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন। সারা দেশে মানুষের মধ্যে আতংক, ব্যংকে টাকা নেই। একটি কমিশন করে খেলাপী ঋণ নিয়ে একটি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তিনি পারিবারিক সঞ্চয়পত্রে উৎসে কর ১০ শতাংশ না করা, মূলধনী যন্ত্রপাতিতে অগ্রিম কর (এআইটি) না বসানোর দাবি জানান। মুজিবুল হক, অতিরিক্ত জেলা জজ থেকে উপরের পর্যায়ের বিচারকদের গাড়ির জন্য বিনা সুদে ঋণ এবং উচ্চ আদালতের বিচারপতিদের অন্তত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ৯০ লাখ টাকা দামের যে গাড়ি দেওয়া হচ্ছে সে মানের গাড়ি দেওয়ার দাবি জানান।

ধান কাটার জন্য শ্রমিক না পাওয়া দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো লক্ষণ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ধানের দাম কম কিন্তু উৎপাদন খরচ বেশি। উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে শ্রমিক পাওয়া যায় না। উন্নয়ন গতিসম্পন্ন অর্থনীতির জন্য এটি ভালো লক্ষণ।

ধানের দাম কমার কারণ ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী বলেন, অর্থনীতির চাহিদা ও যোগানের নীতির কারণে দাম কমে গেছে। তবে, সরকার বসে নেই। কৃষিকে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণসহ যা যা দরকার করা হবে।

সরকারি দলের শাহিদুজ্জামান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির ক্ষেত্রে সাংসদদের সম্পৃক্ত করতে হবে। না হলে সাংসদদের এলাকায় যাওয়া মুশকিল হয়ে যাবে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক সরকারি দলের সাংসদ নূর মোহাম্মদ বলেন, পুলিশ বাহীনি সৃষ্ঠি হয়েছিল ১৮৬১ সালে। এই দেড়শ বছরে আইনে কোনো পরিবর্তন আনা হয়নি। আইনের কোথাও সেবা, জনগণ, মানবাধিকারের কথা নেই। স্বাধীন দেশের জন্য যুগপোযোগী আইন দরকার।

বিকল্প ধারার আব্দুল মান্নান বলেন, যে কোনো মূল্যে খেলাপী ঋণ বন্ধ করতে হবে। চক্রবৃদ্ধি সুদ সমাজকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। সব ব্যাংকে সরল সুদে ঋণ চালু করতে হবে। আর ঋণ খেলাপীদের ধরার দাবি জানান বিরোধী দলের সাংসদ গোলাম কিবরিয়া।

অন্যদের মধ্যে মোতাহার হোসেন, মামুনুর রশীদ, আতিউর রহমান, আনোয়ারুল আজিম প্রমুখ বক্তব্য দেন।