বিএনপির সম্মেলন আবারও পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও পেছাল বিএনপির জাতীয় সম্মেলন। ১৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন হওয়ার কথা ছিল। চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত হতে পারে বলে দুদিন আগেই বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানানো হয়েছিল। সর্বশেষ গতকাল সোমবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আটকের পরিপ্রেক্ষিতে সম্মেলন পেছানোটা অবশ্যম্ভাবী হয়ে ওঠে।অবশ্য মির্জা ফখরুল গতকাল দুপুরে প্রথম আলোকে বলেছিলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে সম্মেলন স্থগিত করার চিন্তা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে ঘোষণা দেওয়া হবে।’সর্বশেষ গত রাত সোয়া ১০টায় বিএনপির এক সংবাদ সম্মেলনে দলের জাতীয় সম্মেলন স্থগিত করার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে তিন বছর মেয়াদে দলের জাতীয় নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সম্মেলন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে গত বছরের ৮ ডিসেম্বরের মধ্যে সম্মেলন করার সময়সীমা ছিল।গত ২৭ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ১৯ মার্চ দলের জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত হয়। এর আগে ৯ মার্চ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু স্থান ঠিক করতে না পারায় তা পেছানো হয়। অবশ্য ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন করার লক্ষ্যে এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান করে একটি সমন্বয় কমিটি এবং ১২টি বিষয়ে উপকমিটি গঠন করা হয়। কিন্তু গতকাল পর্যন্ত ১২টি উপকমিটির অধিকাংশই প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে পারেনি। জাতীয় সম্মেলন বিষয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তেমন আলোচনা নেই। সম্মেলন ঘিরে প্রচার-প্রকাশনায়ও কোনো জৌলুশ চোখে পড়েনি।দলীয় সূত্র জানায়, সম্মেলন উপলক্ষে গঠিত ‘ড্রাফট কমিটি’র প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। গঠনতন্ত্র সংশোধনসংক্রান্ত কমিটির প্রধান তরিকুল ইসলামও অসুস্থ। তিনি নিজ এলাকা যশোরে আছেন। অভ্যর্থনা কমিটির প্রধান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে গতকাল সন্ধ্যায় পুলিশ আটক করেছে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছিল, আজ-কালের মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকে সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে তার আগেই গত রাতে সংবাদ সম্মেলন ডেকে সম্মেলন পেছানোর এই ঘোষণা দেওয়া হলো।