বিএনপির সম্মেলন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গতকাল মঙ্গলবার বিএনপির বিবদমান দুই পক্ষ একই সময় একই স্থানে সম্মেলন ডাকায় উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। এ কারণে সম্মেলন হয়নি। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির ওয়াহেদুজ্জামানের পক্ষ হাজি দেলোয়ার হোসেন উচ্চবালিকা বিদ্যালয়ে বেলা তিনটায় দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করে। একই সময় একই স্থানে এরশাদুল হকের পক্ষ পাল্টা সম্মেলন আহ্বান করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উভয় পক্ষই উপজেলা বাজারে গত সোমবার থেকে গতকাল সকাল পর্যন্ত কয়েক দফা পাল্টাপাল্টি মিছিল বের করে। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক গতকাল বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত ওই বিদ্যালয় চত্বরে ১৪৪ ধারা জারি করেন। একই সময় তিনি উপজেলা বাজার এবং এর দুই কিলোমিটারের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন। ওয়াহেদুজ্জামান নিজেকে উপজেলা বিএনপির আহ্বায়ক দাবি করে বলেন, ‘জেলা কমিটি আমাকে আহ্বায়ক করে সম্মেলন অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছে। তাই আমরা সম্মেলন ডেকেছি। কিন্তু অন্য একটি পক্ষ সেখানে সম্মেলন ডাকে।’ এরশাদুল হক দাবি করেন, জেলা কমিটি তাঁকে উপজেলা বিএনপির আহ্বায়ক করেছে। তিনি বলেন, ‘এ কারণে আমিও সম্মেলন করার দাবি রাখি।’ জেলা বিএনপির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন বলেন, সেখানে ওয়াহেদুজ্জামানের কমিটি বৈধ। তারাই সম্মেলন করার অধিকার রাখে। তবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক রহিম উদ্দিন ভরসা বলেন, ‘আমি আহ্বায়ক থাকাকালীন এরশাদুল হককে উপজেলা বিএনপির আহ্বায়ক করেছি। এরপর নতুন করে কোনো কমিটি হতে পারে না।’ গঙ্গাচড়া থানার ওসি আমজাদ হোসেন বলেন, গত সোমবার থেকে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি অনুকূলে রয়েছে।