বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরে ৪৬ জন সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমান সরকারের গত দেড় বছরে একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার সরকারি দলের বেগম মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে সংসদকাজে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। এর আগে বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মন্ত্রী জানান, বিএনপির আমলে ওএসডি কর্মকর্তার সংখ্যা তিন হাজার ৬৬৯ জন। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে ওএসডি কর্মকর্তার সংখ্যা বলা হয়নি।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১০ লাখ ৪৮ হাজার পাঁচজন। এর মধ্যে আট লাখ ২৪ হাজার ৩৬১ জন পুরুষ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি বিভিন্ন শূন্য পদে নিয়োগ দেওয়ার কাজ চলছে।এ বি এম গোলাম মোস্তফার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, সারা দেশে মোট ছয় হাজার ৩১০ জন কাজি (বিবাহ রেজিস্ট্রার) কর্মরত রয়েছেন। কাজিদের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।চোরাচালান মামলার সংখ্যা ৪০ হাজার: বেগম তহুরা আলীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশে বিচারাধীন চোরাচালান মামলার সংখ্যা ৩৯ হাজার ৮৩৬টি। এসব মামলায় ৫০১ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৮৫৫ টাকা জড়িত রয়েছে। তিনি বলেন, মামলার সংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা কম থাকায় এসব মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। এসব মামলা নিষ্পত্তি করতে আরও বেশিসংখ্যক বিচারক নিয়োগের প্রক্রিয়া চলছে।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের আদালতগুলোতে সবচেয়ে বেশি মামলা ভূমি নিয়ে। ফলে ভূমি বিরোধসংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি হতে অনেক সময় লাগে।মৎস্যজীবীদের পরিচয়পত্র দেওয়া হবে: এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস জানান, মৎস্যজীবীদের তালিকা তৈরি করে তাঁদের পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে তাঁদের অর্থসহায়তা দেওয়া হবে। এ জন্য ১৬১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে মৎস্যজীবীদের নিবন্ধন, পরিচয়পত্র দেওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। চলতি বছর থেকে দেশের ৪৭৬টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। মন্ত্রী বলেন, মাছের পোনা ছাড়ার সময় মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। এ সময় যেন মৎস্যজীবীদের অর্থকষ্টে পড়তে না হয় সে জন্যই সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। সরকারি দলের জুনাইদ আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বর্তমানে অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যজীবীর সংখ্যা সাত লাখ ৭০ হাজার এবং সামুদ্রিক মৎস্যজীবীর সংখ্যা পাঁচ লাখ ১০ হাজার।সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বার্ড ফ্লুর কারণে ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারিদের মুরগি নিধনের ক্ষতিপূরণ বাবদ এ পর্যন্ত ১৩ কোটি ৯৭ লাখ টাকা দিয়েছে সরকার।