বিএনপির সাংবিধানিক পরিষদ গঠনের দাবি অসাংবিধানিক: আ.লীগ
সংবিধান সংশোধনের জন্য ‘সাংবিধানিক পরিষদ’ গঠনের বিএনপির দাবিকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে মনে করে আওয়ামী লীগ। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এ দাবির মাধ্যমে বিএনপির ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, একমাত্র জাতীয় সংসদই সংবিধানের পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করতে পারে। মাহবুব উল আলম হানিফ বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিএনপি কোনো প্রতিনিধি দেয়নি। তার পরও এ কমিটির কাছে তারা প্রস্তাব দিতে পারত। কিন্তু তা না করে তারা মুক্তাঙ্গন ও পল্টনে কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করতে চায়। তারা সংসদ ও সংবিধানকে কার্যকর করতে চায় না। বিএনপি না এলে সরকারের অবস্থান কী হবে—এ প্রশ্নের জবাবে হানিফ বলেন, কারও জন্য রাষ্ট্র অনন্তকাল বসে থাকতে পারে না। বিএনপি না এলে তাদের বাদ দিয়েই সংবিধান সংশোধন করা হবে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে হানিফ বলেন, বর্তমান সরকার সরকারি কর্মচারীদের শতকরা ৬২ ভাগ বেতন বাড়িয়েছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন তিন হাজার টাকায় উন্নীত করেছে। কৃষি খাতে ছয় হাজার কোটি টাকা ভর্তুকি ও ১২ হাজার কোটি টাকা কৃষিঋণ দেওয়া হয়েছে। গত আড়াই বছরে আড়াই লাখ লোককে সরকারি চাকরি দেওয়া হয়েছে।আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে হানিফ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপরাজনীতির অভিযোগ করেন। এ সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে আখতারউজ্জামান, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ মাহমুদ আল স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলি, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, সুজিৎ রায় নন্দী, শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।