বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপি ‘দলীয় মনোনয়ন’ দিচ্ছে। তবে এখানে বিএনপির দুটি পক্ষ আছে। একটি দলীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমানের পক্ষ। অপরটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের পক্ষ। দুই নেতাই একে অপরের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান পদে ‘প্রার্থী মনোনয়ন’ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বিএনপির একটি সূত্র জানায়, গত উপজেলা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন মতিয়ার রহমান। কিন্তু দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে মীর শাহে আলম জয়লাভ করেন। এরপর থেকেই দলে প্রভাব বিস্তার কেন্দ্র করে সাংসদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব শুরু হয়। তবে দুই নেতাই দাবি করেছেন, তাঁরা মনোনয়ন নয়, সমর্থন দিচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান-সমর্থিত প্রার্থীরা হলেন—ময়দানাহাটা ইউনিয়নে রমজান আলী, কিচকে মঞ্জুরুল আলম ফকির, আটমূলে মীর মুনছুর রহমান, মাঝিহট্টে আকবর আলী, বুড়িগঞ্জে আলতাব আলী, বিহারে শরিফুল ইসলাম, শিবগঞ্জে আবু বক্কর সিদ্দিক, মোকামতলায় সোলাইমান আলী ও রায়নগরে ফিরোজ মাহমুদ।অপরদিকে সাংসদ হাফিজুর রহমান-সমর্থিত প্রার্থীরা হলেন—কিচকে আফছার আলী, পীরবে মজিবর রহমান, মাঝিহট্টে আবদুস সামাদ, বুড়িগঞ্জে আবদুল মান্নান, বিহারে জহুরুল ইসলাম, শিবগঞ্জে ওয়ারেছ আলী, সৈয়দপুরে মাহমুদ হোসেন, মোকামতলায় মোখলেছার রহমান ও রায়নগরে মোস্তাফিজার রহমান।দলের একটি সূত্র জানায়, নিজ বাড়ি হওয়ায় দেউলি ইউনিয়নে সাংসদ ও আটমূল ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান একক প্রার্থী দেওয়ার কথা হয়। কিন্তু তার পরও গোপনে দেউলিতে উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেনকে ও আটমূলে সাংসদ মোজাফ্ফর হোসেনকে সমর্থন দিয়েছেন।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম জানান, তিনি যে সম্ভাব্য প্রার্থীদের সমর্থন করেছেন, তা ইউনিয়ন কমিটির সুপারিশকৃত, চূড়ান্ত কিছু নয়। জেলা কমিটি যাঁদের সমর্থন দেবে, তাঁদের পক্ষেই তিনিসহ বিএনপির সব নেতা-কর্মী কাজ করবেন।সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাচনে মীর শাহে আলম বহিষ্কৃত অবস্থায় মহাজোটের নেতা-কর্মীদের সহযোগিতা নিয়ে জয়লাভ করেন। এখন তিনি ওই ঋণ পরিশোধ করতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থীদের বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে সমর্থন জানাচ্ছেন। আমি বিএনপির মূলধারায় আছি এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত তাঁদের সমর্থন দিয়েছি।’