বিএনপির সাংসদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপিদলীয় সাংসদ মোস্তফা কামাল পাশার বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিযোগ করেন। সম্প্রতি সন্দ্বীপে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। গত ২৩ নভেম্বর যুবলীগের এক কর্মীর হাত কেটে ফেলেন বিএনপির কর্মীরা। পরদিন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের সহায়তায় জলদস্যুরা সাংসদের বাড়িতে হামলা করে। এতে সাংসদের ছেলে গুলিবিদ্ধ হন।
এ ঘটনার পর সাংসদ মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর বাড়িতে হামলার ঘটনার জন্য উপজেলা আওয়ামী লীগের নেতাদের দায়ী করেন। সাংসদের নানা অভিযোগের জবাব দিতে গতকাল শনিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহাজাহান।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলিসহ আওয়ামী লীগ নেতারা। সংবাদ সম্মেলনে মাস্টার শাহাজাহান বলেন, ‘ঘটনার সময় আমরা ঢাকায় ছিলাম। এর পরও হামলা ও সংঘর্ষের ঘটনায় আমাদের জড়িয়ে মিথ্যা তথ্য দিয়েছেন মোস্তফা কামাল পাশা।’