
কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির স্থানীয় সাত নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সানজীন সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
গত ৩১ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর হামলার মুখে পড়ে। ওই ঘটনায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুটি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে পরদিন ফেনি মডেল থানায় একটি মামলা করে পুলিশ। এ মামলায় সাত নেতা-কর্মী হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। সাতজন হলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম মহাসচিব এম এ খালেক, ফেনী সদর উপজেলার বিএনপির উপদেষ্টা জসিম উদ্দীন ও ছাত্রদল কর্মী দুলাল, মামুন, ইমন, নাদিম ও জিকো।
পরে সানজীন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, স্থানীয় ওই সাত নেতা-কর্মীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।