বিএনপির সাত নেতা-কর্মীর রিমান্ড শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, যুবদলের নেতা ইয়াছিন চৌধুরী লিটনসহ বিএনপির সাত নেতা-কর্মীর রিমান্ড শুনানি হবে আজ বুধবার। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম মোহাম্মদ সোলায়মান এ আদেশ দেন।
আসামির আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।’ নগরের কোতোয়ালি থানার মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। গত ২৮ নভেম্বর নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেকে ওই সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
মীর নাছিরকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন: কারাগারে আটক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে নগরের খুলশী থানার একটি মামলায় (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। আদালত আগামী ৮ ডিসেম্বর ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন বলে জানান মীর নাছিরের আইনজীবী আবদুস সাত্তার। গত ১৭ অক্টোবর খুলশী এলাকায় ভাঙচুর ও হামলার ঘটনায় মীর নাছিরের সম্পৃক্তা রয়েছে বলে পুলিশের দাবি। গত ২৮ নভেম্বর মীর নাছিরকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নগরের কোতোয়ালি ও চকবাজার থানার দুটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত একটি মামলার জামিন দিলেও অপরটিতে জামিন দেননি।