চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় সাত নেতা প্রার্থী হয়েছেন। জেলা বিএনপির নেতারা দল-সমর্থিত একক প্রার্থী ঠিক করতে না পারায় তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপি দুই অংশে বিভক্ত। একটির নেতৃত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান। এই অংশের সভাপতি মোজাম্মেল হক। অপর অংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস। ১৫ ফেব্রুয়ারি দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যে নয়জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁদের সাতজনই বিএনপি ও এর সহযোগী সংগঠনের। তাঁরা হলেন অহিদুল ইসলাম বিশ্বাস অংশের জেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালিদ মাহমুদ ও সাবেক ছাত্রদল নেতা এজাজুল হক এবং শামসুজ্জামান অংশের উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহ, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির নেতা আবদুর রব ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল হাসান। অন্য দুই প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও জামায়াতের জেলা সেক্রেটারি আজিজুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদাসহ জেলার চার উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দিতে জেলা বিএনপির দুই অংশের সভাপতি ১৪ ফেব্রুয়ারি যৌথসভায় বসেন। বিএনপি নেতা মোজাম্মেল হকের বাসায় অনুষ্ঠিত ওই সভা অমীমাংসিতভাবেই শেষ হয়। ১৭ ফেব্রুয়ারি অহিদুল ইসলাম দ্বিতীয় দফা উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়।
উপজেলা বিএনপির সমর্থক জামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘একক প্রার্থী দিতে না পারা মানেই ভোটের আগেই হেরে যাওয়া।’ দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান বলেন, ‘একক প্রার্থী না হলে কোনো প্রার্থীর পক্ষেই ভোট করব না।’