বিএনপির সাবেক দুই সাংসদ পাঁচ দিন করে রিমান্ডে
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানাতে গিয়ে আটক বিএনপির দুই সাবেক সাংসদ নিজামউদ্দিন ও এ বি এম আশরাফ উদ্দিন নিজানের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করেন।
গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) দেওয়ান উজ্জ্বল পল্টন থানার একটি মামলায় এই দুই সাবেক সাংসদকে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন কাদের সিদ্দিকী। লক্ষ্মীপুরের সাবেক এই দুই সাংসদ গত বুধবার তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে বেলা দুইটার দিকে এই দুজনকে মতিঝিল থানার পুলিশ আটক করে।
বিএনপির সূত্র জানায়, কাদের সিদ্দিকীর কর্মসূচির প্রতি সংহতি জানাতে খালেদা জিয়ার নির্দেশে নিজামউদ্দিন ও আশরাফ উদ্দিন সেখানে গিয়েছিলেন। গত ২৮ জানুয়ারি থেকে ‘নিরবচ্ছিন্ন’ অবস্থান করছেন কাদের সিদ্দিকী।