বিএনপির সাবেক নেতার ছেলে ইরাদ রিমান্ডে
ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও অশ্লীল মন্তব্যের অভিযোগে করা মামলায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখান থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইরাদের বাবা বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকী। তাঁর কাছ থেকে মুঠোফোনের সিম কার্ড, মুঠোফোন, ম্যাক বুক ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। নেওয়া হয়েছে তাঁর ফেসবুক আইডিগুলোর তথ্য।
গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইরাদ তাঁর ফেসবুকে খোলা তিনটি আইডি থেকে দুই বছর ধরে প্রধানমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা, বঙ্গবন্ধুকে নিয়ে অশ্লীল মন্তব্য করে আসছিলেন। এসব তথ্য পুলিশ সংগ্রহ করে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইসিটি আইনে মামলা হয়েছে। সাইবার নিরাপত্তা বিভাগের এই কর্মকর্তা বলেন, ডিএমপির কোতোয়ালি থানায় করা আইসিটি আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।