বিএনপির সাবেক সাংসদ পুত্রসহ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম ও তাঁর ছেলে আবুল কাউসারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কাউসার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
বাবা-ছেলের সঙ্গে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানকেও গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কে এম মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এই তিন নেতা। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ৫ জানুয়ারি বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন কালো পতাকা মিছিলের আয়োজন করে। ওই মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বেধে যায়। তখন বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করেন এবং পুলিশ বহনকারী একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। ওই ঘটনায় বন্দর থানায় বিএনপিদলীয় সাবেক সাংসদ আবুল কালাম, তাঁর ছেলে আবুল কাউসার আশাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন সাংসদ কালাম ও তাঁর ছেলে।
আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন।