বিএনপির সাবেক সাংসদ হাসানের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী হাসান উদ্দিন সরকার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মতবিনিময় সভা করেছেন বলে অভিযোগ উঠেছে। সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন গতকাল মঙ্গলবার গাজীপুর শহরে দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।সভায় হাসান উদ্দিন সরকার বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। বিএনপি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। তবে আমরা অস্ত্র ও সন্ত্রাসমুক্ত নির্বাচন চাই। এ নির্বাচন হবে একটি টেস্ট কেস। এ নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধ থেকে মেয়র পদে একক প্রার্থী দেবে।’হাসান উদ্দিন জানান, বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচন করবেন। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তবে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে তাঁর পক্ষে কাজ করবেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর (সাবেক) বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে কেউ নির্বাচন অনুষ্ঠানের ২১ দিন আগ পর্যন্ত কোনো প্রকার সভা, সমাবেশ ও প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি সিটি করপোরেশন এলাকার স্থাপনায়, দেয়াল বা বেড়া এবং যানবাহনে কোনো ধরনের পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবেন না। এ ব্যাপারে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে কেউ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কর্মকর্তা জানান, মেয়র পদে হাসান উদ্দিন সরকার, গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ছয়জন গতকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৮৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ২২ মে ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন। ভোট নেওয়া হবে ৬ জুলাই।