বিএনপির সাবেক সাংসদসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি, সাংসদসহ ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ সফিকুর রহমান গতকাল সোমবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুর রহমান, কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কয়লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রকিব, যুগীখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবদুস ছাত্তার, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদেরসহ বিএনপির ওই ৫০ নেতা-কর্মীর নাম রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শেখ সফিকুর প্রথম আলোকে জানান, তদন্ত শেষ হয় ২৪ এপ্রিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি গতকাল অভিযোগপত্র আদালতে দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্যসহ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত চলাকালে এজাহারভুক্ত আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মেরুল্লাহ, বিএনপির কর্মী বিপ্লব ও মমতেজ আলীর মৃত্যু হয়।
কলারোয়া থানা সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলায় নির্যাতনের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান শেখ হাসিনা। সেখান থেকে যশোরে যাওয়া পথে বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলা পরিষদের সামনে তাঁর গাড়িবহরে ওই হামলা হয়। সাতক্ষীরা-১ আসনের তৎকালীন সাংসদ হাবিবুর রহমানের নির্দেশে আসামিরা গুলি ও বোমা ছোড়েন বলে অভিযোগ রয়েছে। হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তখন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শেখ মুজিবুর রহমান এবং চারজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে নেয়নি পুলিশ।
পরে এ ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগের নেতা মোসলেমউদ্দীন বাদী হয়ে বিএনপির ২৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। আদালত কলারোয়া থানার সেই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়াকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ওসি হামলার ঘটনাটি মিথ্যা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। শুনানি শেষে ২০০৪ সালে মামলাটি খারিজ হয়ে যায়। এরপর বাদী হাইকোর্টে যান। গত বছরের আগস্টে মামলার কার্যক্রম নতুন করে শুরু করার জন্য হাইকোর্টের আদেশ সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসে। তখন মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা গত বছরের ১৫ আগস্ট এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। পরে মামলাটি কলারোয়া থানা গ্রহণ করে এবং পরিদর্শক (তদন্ত) শেখ সফিকুর তদন্তের দায়িত্ব পান।
সাতক্ষীরা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওসমান গণি জানান, এ ধরনের চাঞ্চল্যকর মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের আগে তদন্ত কর্মকর্তা সাধারণত পিপির সঙ্গে আলোচনা করেন। কিন্তু এ ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তা করেননি। ফলে অভিযোগপত্রে নানা ত্রুটি ও দুর্বলতা থাকতে পারে বলে তিনি মনে করছেন।