বিএনপির সাবেক সাংসদের পেট্রলপাম্প বন্ধের পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বিএনপির সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের মালিকাধীন একটি পেট্রলপাম্প কৌশলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আশুলিয়া থানা-পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের পরিবারের সদস্যরা জানান, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় দেওয়ান ফিলিং স্টেশন নামে তাঁদের একটি পেট্রলপাম্প রয়েছে। গত রোববার থেকে পাম্পে পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশের কারণে কর্মকর্তা-কর্মচারীসহ কোনো যানবাহন পাম্পে ঢুকতে পারছে না।
গত রোববার রাতে পুলিশ পুনরায় ওই পাম্পে অভিযান চালিয়ে অপারেটর মহিদুল ইসলাম ও নৈশপ্রহরী ইছাহাককে আটক করে। তাঁদের আশুলিয়ার জিরাব এলাকায় একটি বাস পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকা মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ইছাহাক ও মহিদুলকে আমার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু আমি তাঁদের গ্রেপ্তার করিনি। থানার অন্য একটি দল পাম্প থেকে তাঁদের গ্রেপ্তার করে। পরে জিরাব এলাকায় বাস পোড়ানো মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত কি না তা আমি নিশ্চিত নই।’
এ ব্যাপারে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমাকে না পেয়ে আমার প্রতিষ্ঠানের ওপর এই হামলা রাজনৈতিক দমন-পীড়নেরই অংশ।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, পাম্পটি থেকে খুচরা পেট্রল কিনে নিয়ে নাশকতার কাজে ব্যবহার করা হয়। একাধিকবার সতর্ক করার পরও খুচরা পেট্রল বিক্রি বন্ধ না করায় রোববার রাতে দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। পাম্পটিতে তেল বিক্রিতে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। হরতাল ও অবরোধের কারণে পাম্পে বসে পুলিশ দায়িত্ব পালন করছে।