বিএনপির সাড়ে ছয় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা
কক্সবাজারের চকরিয়া পৌর শহরে গত শুক্রবারের সহিংসতার ঘটনায় বিএনপির সাড়ে ছয় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার চকরিয়া থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বাদী হয়ে এ মামলা দুটি করেন।
পুলিশ জানিয়েছে, প্রত্যেক মামলায় ৩১ জন করে দুটিতে ৬২ জনের নাম উল্লেখ করে আরও ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এসব মামলায় প্রধান আসামি করা হয়েছে চকরিয়া পৌরসভার মেয়র ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ওরফে হায়দারকে। এ ছাড়া পৌর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফরায়েজী ও লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান নুর মোহামঞ্চদ ওরফে মানিককেও এসব মামলায় আসামি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, সন্ত্রাস দমন, পুলিশের ওপর হামলা ও হত্যার অভিযোগে মামলা দুটি করা হয়।
গত শুক্রবার চকরিয়ায় বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ২০ জন। এ ছাড়া ৯১টি গাড়ি ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা।