‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ কর্মসূচি পৃথকভাবে পালন
বিএনপির সিলেট নগর কমিটি বাতিলে সাত দিনের সময়সীমা
সিলেট নগর বিএনপির বিরোধ প্রকাশ্য আকার ধারণ করেছে। প্রায় এক বছরের মাথায় নগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের প্রতিক্রিয়ায় এক পক্ষ সংবাদ সম্মেলন করে কমিটি পুনর্গঠনের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে কমিটি পুনর্গঠন করা না হলে ‘আন্দোলনের’ হুমকি দেওয়া হয়। অন্যদিকে কমিটিতে স্থান পাওয়া নেতারা দলের অভ্যন্তরে ওই ‘আন্দোলন’ মোকাবিলায় সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে সোচ্চার হয়েছেন। গতকাল রোববার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলীয় কর্মসূচি দুই পক্ষ পৃথকভাবে পালন করেছে।দলীয় সূত্র জানায়, গত বছরের ৯ জুন বর্তমান কেন্দ্রীয় বিএনপির সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে সিলেট নগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিল করে কমিটি গঠনে ব্যর্থ হওয়ায় এক বছর চার মাসের মাথায় গত ৫ নভেম্বর ঘোষিত হয় নগর বিএনপির নতুন কমিটি। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক সভাপতি এবং আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ূম জালালী ও রেজাউল হাসান লোদীকে যথাক্রমে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিকে প্রত্যাখ্যান করে সদ্যবিলুপ্ত নগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে সংবাদ সম্মেলন হয় গত ৬ নভেম্বর। তাঁর অনুসারী নেতারা সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘ঘোষিত কমিটি গঠনতন্ত্রবিরোধী। কেন্দ্রকে ভুল বুঝিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি বাতিল না করলে সিলেটে বিএনপি ধ্বংস হয়ে যাবে।’ সাত দিনের মধ্যে এ কমিটি বাতিল না করলে আন্দোলন করে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। শাহরিয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে গঠনতন্ত্র অনুসরণ করে সাংগঠনিক কর্মসূচি পালন করা চলছিল। এ অবস্থায় হঠাৎ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন সাধারণ নেতা-কর্মীরা কোনোভাবে মেনে নিতে পারছে না।’ নবগঠিত কমিটির সভাপতি এম এ হক বলেন, ‘দল যখন আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে। দলের বিরুদ্ধে কেউ আন্দোলনে গেলে সাংগঠনিক প্রক্রিয়ায় কেন্দ্র তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে আমরা নিজেদের স্বার্থ বাদ দিয়ে দলের স্বার্থকে বড় করে দেখব।’ পৃথকভাবে কর্মসূচি পালন: গতকাল ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’র কেন্দ্রীয় কর্মসূচি দুই পক্ষ পৃথকভাবে পালন করে। দুপুরে নগরের কোর্ট পয়েন্ট থেকে জেলা ও নগর বিএনপির উদ্যোগে একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কোর্ট পয়েন্টে জমায়েতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। শোভাযাত্রা-জমায়েতে নবগঠিত নগর কমিটির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালীসহ জেলা কমিটির নেতারা বক্তব্য দেন।অন্যদিকে নগর ও জেলা বিএনপির ব্যানারে বিকেলে নগরে শোভাযাত্রা করে শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন পক্ষ। শোভাযাত্রা শেষে নগরের আম্বরখানা মোড়ে তাঁর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, মিফতা সিদ্দিকী, আবদুল ওয়াছেহ চৌধুরীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।