বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, কাল জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ শনিবার রাতে গুলশানে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এতে সভাপতিত্ব করবেন।
সর্বশেষ গত ৮ জুন স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। স্থায়ী কমিটির বৈঠকের পর কাল রোববার রাতে একই স্থানে খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮-দলীয় জোটের বৈঠক হওয়ার কথা রয়েছে।
স্থায়ী কমিটির আজকের বৈঠকের প্রধান আলোচ্য বিষয় থাকবে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন কর্মসূচি অথবা করণীয় নির্ধারণ। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন, পরবর্তী সংসদ অধিবেশনে যাওয়া না যাওয়া, দলের কাউন্সিল অনুষ্ঠান, পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন করা, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সাজা হলে দলের প্রতিক্রিয়াসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। তবে বৈঠকে মূলত আন্দোলন কর্মসূচি নির্ধারণ করার সম্ভাবনা আছে। এটা পরে ১৮-দলীয় জোটের বৈঠকে চূড়ান্ত করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বলেছেন, আগস্ট ও সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত তেমন কঠোর কোনো কর্মসূচি না-ও থাকতে পারে। দল ও নেতা-কর্মীদের চাঙা রাখতে কিছু নিয়মতান্ত্রিক কর্মসূচি দেওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া মধ্য সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে সরকারের মনোভাব দেখার জন্য সময় নিতে পারে ১৮-দলীয় জোট। এরপর কঠোর কর্মসূচিতে যাওয়ার সম্ভাবনা আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, নির্বাচনের সময় এগিয়ে আসছে। এখনো দলের মধ্যে বেশ কয়েকটি বিষয় আছে, যা অমীমাংসিত। তবে সবই আজকের একটি বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে না। এটাকে আলোচনা শুরু বলে ধরা যায়।