বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশান কার্যালয়ে রাত সাড়ে আটটায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।প্রায় দুই মাস পর স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা হবে বলে জানা গেছে। আলোচ্যসূচির মধ্যে থাকছে সংসদের চলতি অধিবেশনে বিএনপি যোগ দেবে কি না, যোগ দিলে সেখানে কী ধরনের আলোচনা করা হবে, দলের সাংগঠনিক অবস্থা, অভ্যন্তরীণ কোন্দল, কমিটি না হওয়া, সাংগঠনিক জেলা ও ঢাকা মহানগরে বিএনপির কমিটি গঠন প্রভৃতি। গুলশান কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, ইতিমধ্যে স্থায়ী কমিটির সব সদস্যকে বৈঠকে উপস্থিত থাকতে খালেদা জিয়ার কঠোর নির্দেশ সম্পর্কে জানানো হয়েছে। কেউ উপস্থিত থাকতে না পারলে তা আগেই অবহিত করতে বলা হয়েছে। ১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে তারেক রহমান দেশের বাইরে এবং মির্জা আব্বাস কারাবন্দী থাকায় তাঁরা বাদে বাকি সবাই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।