‘ডানপন্থীদের চাপ থেকে বিএনপির স্বাতন্ত্র্য ধরে রাখতে মান্নান ভূঁইয়ার অবদান ছিল অনস্বীকার্য। তিনি মহাসচিব থাকাকালে বিএনপিকে সাধারণ মানুষের আরও বেশি কাছে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।’বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।আবদুল মান্নান ভূঁইয়া ২০১০ সালের ২৮ জুলাই অসুস্থতাজনিত কারণে মারা যান। দিনটি উপলক্ষে মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি গতকাল এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক নেতা মো. আশরাফ হোসেন।আকবর আলি খান বলেন, ‘আমি গর্বিত যে মান্নান ভূঁইয়ার মতো মানুষের বন্ধু হতে পেরেছিলাম। ৫০ বছরের বন্ধুত্বে আমি দেখেছি, তিনি ছিলেন নির্লোভ ও সৎ মানুষ।’ তিনি বলেন, মান্নান ভূঁইয়ার জীবনের দুটি দিক রয়েছে। এর একটি হলো অর্জন এবং অন্যটি হলো আপস। শুধু বিএনপির মতো দলের মহাসচিব বা মন্ত্রী হওয়াটাকে তাঁর ক্ষেত্রে অর্জন বলা যাবে না। তাঁর সবচেয়ে বড় অর্জন ছিল, সাধারণ মানুষের অধিকারের জন্য কাজ করা এবং মুক্তিযুদ্ধকে তৃণমূলে সংগঠিত করা।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো বলেন, মান্নান ভূঁইয়া অনেক বড় মাপের মানুষ ছিলেন। সাধারণ মানুষ তাঁকে ভালোবাসত। তাঁর রাজনৈতিক প্রজ্ঞাও ছিল অসাধারণ। তিনি বলেন, তাঁর মৃত্যুর পর যদি একটি ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানাতেন, তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছোট হতেন না।আশরাফ হোসেন বলেন, মান্নান ভূঁইয়া বুঝেছিলেন, সাধারণ মানুষের উন্নয়নের জন্য গণতন্ত্রের প্রয়োজনীয়তা। এ জন্য তিনি আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে বিলিয়ে দিয়েছেন।আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল কাদের ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন আহমদ, রাজনীতিবিদ মোস্তফা জামাল হায়দার, আবুল হারিস রিকাবদার প্রমুখ।