বিএনপির হরতালে সমর্থন দিয়েছে ১৮ দলীয় জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী রোববারের হরতালে সমর্থন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জোটের সব দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ১৮ এপ্রিল ১৮ দলীয় জোট গঠনের পর এটাই তাঁদের প্রথম বৈঠক। বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে শরিক দল এলডিপির সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, বিএনপির ডাকা হরতালে ১৮ দল সমর্থন দিয়েছে। খালেদার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ভারতের হাইকমিশনারকে বলেছেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে হবে। বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক হবে সমস্বার্থের ভিত্তিতে।পঙ্কজ শরণ সাংবাদিকদের বলেন, তাঁর সরকার বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বিএনপি এ দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।