বিএনপির হরতালে ‘যথাযথ ভূমিকা’ রাখবে জামায়াত
বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল সফল করতে ভূমিকা রাখবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সোমবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ হরতালে তাঁদের ভূমিকা ও নতুন কর্মসূচির কথা জানান। তিনি বলেন, ‘আগে আমরা বিএনপিকে সমর্থন দিয়ে হরতালের সাফল্য কামনা করেছিলাম। এখন আরও এক ধাপ এগিয়ে যথাযথ ভূমিকা পালন করব।’সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, ১৬ জুনকে কালো দিবস হিসেবে জামায়াত সারা দেশে আলোচনা অনুষ্ঠান করবে। আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল, ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ২০ জুন ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও মিছিল করবে জামায়াত।এক প্রশ্নের জবাবে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন নির্বাচন দিলে সেটা প্রমাণ হয়ে যাবে।আগের মতো চারদলীয় জোট কার্যকর হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, ‘শুধু আগের মতো জোটবদ্ধ নয়। মনে হচ্ছে সম্প্রসারিত জোট হচ্ছে।’সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।