ঈদুল ফিতর-পরবর্তী বিএনপির দেওয়া সরকার পতনের কঠোর আন্দোলন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, ‘জনগণকে উদ্বুদ্ধ করে আন্দোলন করতে হবে। কিন্তু সরকার পতনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করার মতো বিএনপির হাতে কোনো ইস্যু নেই। তাই আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’দীপু মনি গতকাল বুধবার দুপুরে চাঁদপুরে এক সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মন্ত্রী বলেন, এবার রমজানে দ্রব্যমূল্য বাড়েনি, বরং কমেছে। বিএনপি-জামায়াত জোটের রেখে যাওয়া বিদ্যুত্সংকট এখন আর তেমন নেই। তাই আন্দোলনের ইস্যু কী দিয়ে তৈরি হবে?দীপু মনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে যারা ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদের বিচার করে নিহত ব্যক্তিদের মা ও স্বজনদের চোখের পানি মোচন করা হবে। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।