বিএনপির হুমকিকে গা করছে না আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আন্দোলনের হুমকিকে গা করছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির উচ্চপর্যায়ের নেতারা মনে করছেন, সরকারকে চাপে ফেলে আন্দোলন গড়ে তোলার মতো সাংগঠনিক সক্ষমতা এ মুহূর্তে বিএনপির নেই। তার পরও বিএনপির কোনো কর্মসূচি ঘিরে সহিংস পরিস্থিতির উদ্ভব হলে ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ নেওয়া হবে।
‘অবস্থা বুঝে ব্যবস্থা’ বলতে এসব নেতা বুঝিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি যদি বড় ধরনের জমায়েত বা সাংগঠনিক শক্তি প্রদর্শন করে, তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলের নেতা-কর্মীদের মাঠে নামানো হবে।
এর বাইরে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা হলে, তা দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যথেষ্ট বলে মনে করেন সরকার ও দলের নীতিনির্ধারকেরা।
এ ছাড়া সব ধরনের কর্মসূচি পালনের অনুমতি নাও পেতে পারে বিএনপি। কোন কর্মসূচির অনুমতি পাবে, আর কোনটির অনুমতি পাবে না, তা নির্ভর করবে গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে।
আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তাঁরা এও জানান, আন্দোলনের নামে বিএনপি যাতে কোনো সহিংসতা চালাতে না পারে, সে জন্য সজাগ দৃষ্টি রাখবে আওয়ামী লীগ। এ নিয়ে ২৮ জুলাই দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা হয়। আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যৌথ সভা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সেখানে বিএনপির আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগের করণীয় বিষয়ে সবার মতামত নেবেন।
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, ‘বিএনপির আন্দোলন নিয়ে আলোচনা করা বা প্রস্তুতি নেওয়ার সময় আসেনি। আমরা তাদের হুংকারকে পাত্তা দিচ্ছি না। কারণ, আন্দোলন করার শক্তি, সাহস ও কর্মী বাহিনী বিএনপির নেই।’
জনাব লেনিন এ কথা বললেও বিএনপির আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিএনপি যে স্টাইলে আন্দোলন করবে, আমরা সেই স্টাইলে তাদের প্রতিরোধ করব। জনগণের জানমাল রক্ষায় আমরা মাঠে থাকব।’
আওয়ামী লীগের অপর একটি সূত্র জানায়, বিএনপির আন্দোলন মোকাবিলায় মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই ব্যবহার করা হবে। কর্মসূচির নামে সহিংসতা হলে প্রয়োজনে খালেদা জিয়াকে হুকুমের আসামি করেও মামলা হতে পারে।
একই ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানও। তিনি গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, আন্দোলনের নামে বিএনপি জ্বালাও-পোড়াও, মানুষ হত্যার মতো জঘন্য কাজ করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে যা যা দরকার, তা-ই করবে। প্রশাসন চুপ করে বসে থাকবে না।